খুলনা প্রতিনিধি:
কেন্দ্রীয় নির্দেশনার আলোকে খুলনা মহানগরের সকল থানায় তিন দিনব্যাপী (২৯, ৩০ ও ৩১ আগস্ট) বিশেষ মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগরের সদর থানা জামায়াতের উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম ও সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়।
অভিযানে সরাসরি নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান। তিনি নিজে ঝাড়ু ও কোদাল হাতে নিয়ে রাস্তার পাশের জমা বর্জ্য ও ড্রেন পরিষ্কারের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রমের সূচনা করেন।
কর্মসূচি চলাকালে মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “কেন্দ্রীয় জামায়াতের নির্দেশনায় খুলনা মহানগরীর সকল থানায় ২৯, ৩০ ও ৩১ আগস্ট—এই তিন দিনব্যাপী একযোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হবে। কেবল প্রশাসনের দিকে তাকিয়ে না থেকে প্রতিটি সচেতন নাগরিককে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে। পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত খুলনা গঠনে জামায়াতে ইসলামী জনগণের পাশে থেকে কাজ করে যাবে।”
সদর থানা জামায়াতের আয়োজনে পরিচালিত এই অভিযানে সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশ নেন।
পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি ডেঙ্গুর বংশবৃদ্ধি রোধে মশক নিধন ওষুধ ছিটানো হয় এবং স্থানীয় বাসিন্দাদের মাঝে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়।

