আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে যুদ্ধের সময়ের অস্ত্র ও সামরিক সরঞ্জাম সংরক্ষণের একটি অস্থায়ী গুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।
বুধবার উত্তর ইদলিবের গ্রামাঞ্চলের বুর্জ আল-নিমরা এলাকায় এ বিস্ফোরণ ঘটে। এলাকাটি সারমাদা শহরের কাছাকাছি।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পর গুদামটিতে আগুন ধরে যায়। কয়েক ঘণ্টা ধরে সেখান থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলার সময় পরপর আরও কয়েকটি বিস্ফোরণ ঘটে। এতে উদ্ধারকারী ও দমকলকর্মীদের কাজ ব্যাহত হয়।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের মধ্যে মন্ত্রণালয়ের কয়েকজন সদস্যও রয়েছেন। বিস্ফোরণের পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছেন কি না, তা খুঁজে দেখতে অভিযান চালানো হচ্ছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাত দিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ধ্বংস হওয়া গুদামটিতে ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত চলা বিদ্রোহ ও গৃহযুদ্ধের সময়ের অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম সংরক্ষণ করা হতো।
তবে ভয়াবহ এই বিস্ফোরণের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

