খুলনা প্রতিনিধি:
খুলনা নগরীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোস্তাকিন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মোস্তাকিন নগরীর আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে আলকাতরা মিলের পাশে তালুকদার কমিউনিটি সেন্টারের কাছে দাঁড়িয়ে মোবাইল ফোন ব্যবহার করছিলেন মোস্তাকিন। এ সময় দুটি মোটরসাইকেলে করে চার যুবক সেখানে এসে তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর পিঠ ও কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মোস্তাকিনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, তালুকদার কমিউনিটি সেন্টারের কাছে মোস্তাকিন দাঁড়িয়ে মোবাইল ফোন ব্যবহার করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁর পিঠ ও কোমরে ছুরিকাঘাত করে। কোমরে গুরুতর আঘাতের কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ওসি আরও বলেন, খবর পেয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

