রাজনীতি ডেস্ক:
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে দলটি।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীতে এনসিপির কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সভায় নাহিদ ইসলাম সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাছাইয়ের পাশাপাশি ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জুলাই শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সম্পৃক্ততা বজায় রাখার নির্দেশনা দেন তিনি।
এ ছাড়া পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার বিষয়ে সতর্ক থাকার এবং এ ধরনের কর্মকাণ্ডের ওপর কঠোর নজরদারি রাখার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন এনসিপির আহ্বায়ক।
মতবিনিময় সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের এনসিপি-সমর্থিত সম্ভাব্য মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নাসীরুদ্দীন পাটওয়ারী উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা।
দুই সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ওয়ার্ডভিত্তিক সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের নিয়ে দলীয় প্রস্তুতি এগিয়ে নিতে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

