রাজনীতি ডেস্ক:
রাজধানীর মিরপুর-১ নম্বরে ভাঙচুর ও লুটপাটের পর গুঁড়িয়ে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার টিকাদান কেন্দ্র পরিদর্শন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি। টিকাদান কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে জন্য তাঁর রাজনৈতিক কার্যালয় সাময়িকভাবে ব্যবহারের প্রস্তাব দিয়েছেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাড্ডা টিকাদান কেন্দ্র পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন সানজিদা ইসলাম তুলি।
তিনি বলেন, রাড্ডা টিকাদান কেন্দ্রে হামলা, দখল ও লুটপাটের ঘটনায় প্রশাসন তদন্ত করছে। তদন্তের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তুলি বলেন, ‘কোনোভাবেই চলমান টিকাদান কর্মসূচি ব্যাহত হতে দেওয়া যাবে না। জনস্বার্থে টিকাদান কার্যক্রম যাতে নির্বিঘ্নে অব্যাহত থাকে, সে জন্য আমার রাজনৈতিক কার্যালয় (রুহানি টাওয়ারের তৃতীয় তলা, মিরপুর-১, ঢাকা) অস্থায়ীভাবে ব্যবহারের জন্য রাড্ডা টিকাদান কেন্দ্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি।’
তিনি আরও বলেন, টিকাদান কেন্দ্রের দায়িত্বশীলদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে সাধারণ মানুষ কোনো ধরনের ভোগান্তি ছাড়াই নিয়মিত টিকাদান সেবা নিতে পারেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে কেন্দ্রে প্রবেশ করে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করেন।
পরে তারা কেন্দ্র থেকে মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, টিকা, নগদ টাকা ও অন্যান্য মালপত্র লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়। এরপর ভারী যন্ত্রপাতি ব্যবহার করে একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

