রাজনীতি ডেস্ক:
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর গুলশানে দলের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেন। সরকার গঠনের পর এটি ছিল দলটির স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক। নতুন চার সদস্যও প্রথমবারের মতো বৈঠকে অংশ নেন।
বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার, দলের বিভিন্ন পর্যায়ের শূন্য পদ পূরণ, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন, ডেঙ্গু পরিস্থিতি, জ্বালানি পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, দলের কেন্দ্রীয়সহ বিভিন্ন কমিটিতে যেসব পদ শূন্য রয়েছে, গঠনতন্ত্রের বিধান অনুযায়ী সেসব পদে সংশ্লিষ্টদের নিচের পদধারী নেতাদের পদোন্নতি দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এর ফলে দলের ত্যাগী ও অভিজ্ঞ অনেক নেতার মূল্যায়নের সুযোগ তৈরি হবে বলে মনে করছেন নীতিনির্ধারকেরা।
এ ছাড়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত হয়েছে। আগ্রহী প্রার্থীদের কাছ থেকে মনোনয়ন ফরম বিতরণ ও জমা নেওয়ার পর তাদের তথ্য যাচাই-বাছাই করা হবে। পরে দলের মনোনয়ন বোর্ড প্রার্থী চূড়ান্ত করবে।
বৈঠকে ডেঙ্গু পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে দলীয়ভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি জ্বালানি পরিস্থিতি এবং এসব বিষয়ে সাধারণ মানুষের ভোগান্তি কমানোর উপায় নিয়েও মতামত নেওয়া হয়।
বৈঠক সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলসহ সাম্প্রতিক তৎপরতা নিয়েও আলোচনা হয়েছে। তবে এ নিয়ে বিএনপি উদ্বিগ্ন নয় বলে বৈঠকে মত দেওয়া হয়। নেতারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠন প্রকাশ্যে কর্মসূচি পালন করতে পারে না। কেউ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন কমিটিতে অনেক নেতা মারা গেছেন, কেউ দল থেকে বহিষ্কৃত হয়েছেন কিংবা নানা কারণে বর্তমানে সংগঠনের সঙ্গে নেই। ফলে এসব পদ শূন্য হয়েছে। গঠনতন্ত্রের বিধান অনুযায়ী শূন্য পদগুলোতে সংশ্লিষ্ট পদগুলোর ঠিক নিচের পদধারীদের পদোন্নতি দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠকের শুরুতে বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্য—ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও ইসমাঈল জবিউল্লাহকে স্বাগত জানানো হয়। দীর্ঘদিন বিদেশে চিকিৎসা শেষে স্থায়ী কমিটির বৈঠকে যোগ দেওয়ায় মির্জা আব্বাসের সুস্থতা কামনা করেন নেতারা।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

