খুলনা ব্যুরো:
জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দামের কারণে সৃষ্ট জনদুর্ভোগ নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এ স্মারকলিপি জমা দেন সংগঠনের নেতারা।
স্মারকলিপিতে চারটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার, নিত্যপণ্যের বাজারে কঠোর নজরদারি নিশ্চিত করে সিন্ডিকেট, মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার তদারকি জোরদার এবং নিম্নআয়ের মানুষের জন্য ন্যায্যমূল্যে খাদ্য ও প্রয়োজনীয় পণ্য সরবরাহ কার্যক্রম সম্প্রসারণ।
স্মারকলিপি প্রদানকালে নেতারা বিদ্যুতের মূল্যবৃদ্ধি, তথাকথিত ভূতুড়ে বিল এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাদের অভিযোগ, জ্বালানি সংকট ও ধারাবাহিক মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো চরম অর্থনৈতিক চাপের মুখে পড়েছে।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে ১১ দলীয় ঐক্যের খুলনার আহ্বায়ক ও মহানগর জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, দেশের বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতিতে জনগণের দুর্ভোগ দিন দিন বাড়লেও সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, মানুষের নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণ এখন কঠিন হয়ে পড়েছে। তাই জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি দ্রুত প্রত্যাহারসহ জনদুর্ভোগ লাঘবে বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণের বিকল্প নেই।
তিনি আরও বলেন, জনগণের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যের খুলনা সমন্বয়কারী অ্যাডভোকেট শাহ আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের খুলনা মহানগর সভাপতি মুফতি শরীফ সাঈদুর রহমান, লেবার পার্টির মহানগর সভাপতি অধ্যক্ষ মো. সাইফুদ্দোহা, জাগপার খুলনা জেলা সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, ইসলামী ছাত্রশিবিরের মহানগর সভাপতি রাকিব হাসান, খুলনা মহানগর জামায়াতের নেতা আজিজুল ইসলাম ফারাজী, প্রচার ও মিডিয়া সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুর, অধ্যাপক ইকবাল হোসেন, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, খালিশপুর থানা আমীর মুহা. আব্দুল্লাহ আল মামুনসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

