নিজেস্ব প্রতিবেদক:
খুলনায় পৃথক অভিযানে মাদক ও চুরি-ছিনতাইসহ বিভিন্ন মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিভিন্ন থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনকে আদালত বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেছেন।
সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, ১৩ সেপ্টেম্বর সিটি কলেজ হোস্টেলের প্রধান ফটকের সামনে থেকে মো. রবিউল ইসলাম (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি নগরীর লবণচরা থানার নিরালা ইসলামবাগ রোডের বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৬ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পরে আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এদিকে, খালিশপুর থানা পুলিশ ১৪ সেপ্টেম্বর হাউজিং এলাকা থেকে মো. মনিরুল ইসলাম মন্ডল (৩৮) নামে এক আসামিকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে খালিশপুর থানায় ১২ জুন দায়ের করা মামলায় দণ্ডবিধির ৩৯২ ধারায় অভিযোগ রয়েছে। পুলিশ জানিয়েছে, মনিরুলের নামে বিভিন্ন আইনে মোট ১৬টি মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
একই দিন সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ শিববাড়ী মোড়ের পালপাড়া রোড এলাকা থেকে রাব্বি (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হলে আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
অন্যদিকে, খালিশপুর থানা পুলিশ ১৪ সেপ্টেম্বর নয়াবাটি মোড়ের পাকা সড়ক থেকে রেজুয়ান (৩৫) নামে একজনকে এক পুরিয়া গাঁজাসহ গ্রেপ্তার করে। তিনি আড়ংঘাটা থানার রায়ের মহল সুইচগেট এলাকার বাসিন্দা। পরে সংক্ষিপ্ত বিচারে আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া, ১৩ সেপ্টেম্বর দৌলতপুর থানা পুলিশ আঞ্জুমান রোড মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পেছনের পাকা সড়কে অভিযান চালিয়ে মো. মহিবুল্লাহ খান মুহিব (৩০) নামে একজনকে ২৭টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। তিনি দৌলতপুর থানার পাবলা খানপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, নগরীতে মাদক ও অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

