বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
বিনোদন

ইতালিতে হামলার পর দেশে ফিরে সহকর্মীদের বিরুদ্ধে বাঁধনের আক্ষেপ

বিনোদন ডেস্ক:

জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতালিতে হামলার শিকার হওয়ার পর সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন। দেশে ফিরে তিনি অভিযোগ করেছেন, ঘটনার পর ভেনিস চলচ্চিত্র উৎসবে তার সিনেমার টিমের সদস্যরা তাকে একরকম বর্জন করেছেন। এমনকি পরবর্তী সময়ে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার ক্ষেত্রেও তাকে নিষেধ করা হয়েছে বলে দাবি করেন তিনি।

রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে গিয়েছিলেন বাঁধন। গত মঙ্গলবার দেশটির মেস্ত্রে শহরে আওয়ামী লীগের প্রবাসী কর্মীদের হাতে তিনি লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ করেন এই অভিনেত্রী। তাকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

দেশে ফিরে সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাঁধন বলেন, ভেনিস চলচ্চিত্র উৎসবে নিজের টিমের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাননি তিনি। তার ভাষ্য, ‘আমার যে টিম, তারা আমাকে ডিজওন (বর্জন) করেছে। ফেস্টিভালের বাকি দিনগুলোতে তাদের সঙ্গে অংশ নিতে নিষেধ করেছে। এমনকি পরবর্তীতে টরন্টো ফিল্ম ফেস্টিভালে যাওয়ার কথা থাকলেও তারা আমাকে সেখানেও নিষেধাজ্ঞা দিয়েছে।’

তবে সহ-অভিনেতাদের মধ্যে সুনেরাহ, জায়নিন ও জায়নিনের মা তাকে সহযোগিতা করেছেন বলে জানান বাঁধন।

হামলার পর বিভিন্ন পর্যায় থেকে পাওয়া সহযোগিতার কথাও তুলে ধরেন তিনি। বাঁধন বলেন, ভেনিস চলচ্চিত্র উৎসবের পরিচালক, ইতালি সরকার, বাংলাদেশ সরকার এবং ইতালিতে বাংলাদেশের দূতাবাস তাকে সহায়তা করেছে।

তিনি বলেন, ‘আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই বাংলাদেশ সরকারের কাছে, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। ঘটনার দিন রাতেই সরকারি দপ্তর থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে।’

ইতালিতে বাংলাদেশের দূতাবাসের রাষ্ট্রদূতসহ দেশটির বিভিন্ন সরকারি সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতার কথা উল্লেখ করে বাঁধন বলেন, ইতালির সংস্কৃতি মন্ত্রণালয়, আন্ডার সেক্রেটারি ও পুলিশ বিভাগ তাকে সার্বক্ষণিক নিরাপত্তা দিয়েছে। নিরাপত্তার কারণে ভেনিস চলচ্চিত্র উৎসবের পরিচালক তাকে লিডো এলাকায় থাকার ব্যবস্থা করে দেন বলেও জানান তিনি।

দেশে ফিরে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই অভিনেত্রী বলেন, রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে দেশের মানুষ, সরকারি ও বিরোধী দলের নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশিরা তাকে যে সমর্থন দিয়েছেন, তা তিনি কখনো ভুলবেন না।

বাঁধন বলেন, ‘আলহামদুলিল্লাহ্‌, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। দেশের মানুষ, রাজনৈতিক মতাদর্শ-নির্বিশেষে বিরোধী ও সরকারি দলের নেতাকর্মী এবং প্রবাসী বাঙালিরা যে সাপোর্ট দিয়েছেন, তা আমি কখনো ভুলতে পারব না।’

তিনি আরও বলেন, ‘এত কষ্ট করে এই গরমে যারা আমার জন্য অপেক্ষা করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ।’

ঘটনার পর গত ৮ সেপ্টেম্বর ইতালিতে মামলা করেন বাঁধন। বিষয়টি নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয়েছে। সেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ইতালিতে অভিনেত্রীর ওপর হামলার ঘটনাকে ‘গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলা’ হিসেবে অভিহিত করেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493