খুলনা ব্যুরো:
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) চেয়ারম্যান এসএম শফিকুল আলম মনা বলেছেন, কেডিএ শুধু কংক্রিটের ভবন বা ভৌত অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়; অবহেলিত মানুষের সার্বিক উন্নয়ন, পরিবেশ সুরক্ষা ও সামাজিক কল্যাণেও প্রতিষ্ঠানটি কাজ করতে বদ্ধপরিকর।
তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকারের নির্দেশনায় আর্থিক ও সামাজিক সহায়তার মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে স্বাবলম্বী হয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করা হচ্ছে।
আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে সম্মানিত গ্রহীতা, কর্মকর্তা, সেবাগ্রহীতা ও দর্শনার্থীদের উদ্দেশে এসব কথা বলেন কেডিএ চেয়ারম্যান।
এসএম শফিকুল আলম মনা বলেন, খুলনাকে আধুনিক, পরিবেশবান্ধব, বাসযোগ্য ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে সরকারের নির্দেশনা অনুযায়ী টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এ কাজে নাগরিক সমাজ, তরুণ প্রজন্ম ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে উন্নয়নমূলক এবং মানবিক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেডিএর সদস্য (উন্নয়ন) রুহুল আমিন কুতুবুদ্দিন আহমাদ, উপপরিচালক (প্রশাসন) সাধন কুমার বিশ্বাস ও মো. সাইফুল ইসলাম এবং কেডিএ রূপসা নতুন বাজার মালিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম নুরুল আলম দীপুসহ সংশ্লিষ্টরা।

