পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগে দুই ডিলারকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চাঁদখালী ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের সময় নির্ধারিত পরিমাণের চেয়ে কম চাল দেওয়ার অভিযোগ পায় প্রশাসন। পরে সেখানে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় ডিলার মো. মাজাহারুল ইসলাম ও মির আজিজুর রহমানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হাসিবুর রহমান, চাঁদখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল্লাহ, ইউনিয়ন পরিষদের সদস্য, পুলিশ ও আনসার সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, সরকারি সহায়তা বিতরণে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে। সাধারণ মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

