রাজনীতি ডেস্ক:
জামায়াতে ইসলামী গণহত্যার বিচারের কথা বললেও প্রকৃতপক্ষে বিএনপিকে রাজনৈতিকভাবে ট্যাগ করাই তাদের রাজনীতির অংশ ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান।
বুধবার (১৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান তার স্ট্যাটাসে দাবি করেন, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘মিথ্যা ন্যারেটিভ’ ছড়িয়ে দিয়েছিল যে বিএনপি সরকার গণহত্যার বিচার করবে না। তার ভাষ্য, ওবায়দুল কাদেরসহ অন্যদের বিরুদ্ধে ফাঁসির রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে বিএনপি সরকার অপরাধীদের বিচারে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।
তিনি আরও দাবি করেন, গণহত্যার বিচারে জামায়াতের সহযোগিতা প্রত্যাশিত হলেও দলটির আমির ডা. শফিকুর রহমান আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। রাশেদ খানের অভিযোগ, ভোটের রাজনীতির কারণে জামায়াত খুনিদের সাধারণ ক্ষমা ঘোষণা করে গণহত্যার বিচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল।
স্ট্যাটাসে রাশেদ খান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামসহ প্রসিকিউশন দলের সদস্যদের ধন্যবাদ জানান। তিনি বলেন, তথ্য-উপাত্ত সংগ্রহসহ নানা ক্ষেত্রে তাদের পরিশ্রমের ফলে অভিযুক্তদের বিরুদ্ধে রায় প্রদানে সহযোগিতা হয়েছে।
স্ট্যাটাসের শেষাংশে জামায়াতের উদ্দেশে রাশেদ খান বলেন, ১৯ সেপ্টেম্বরের লং মার্চ থেকে গণহত্যার বিচার নিয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে ‘মিথ্যা ট্যাগিং’ করার জন্য দলটির জাতির কাছে দুঃখ প্রকাশ করা উচিত।

