যশোর প্রতিনিধি:
যশোরের বড়বাজারে ভারত থেকে আমদানি করা ইলিশকে দেশীয় মাছ হিসেবে দাবি করে উচ্চমূল্যে বিক্রির অভিযোগে এক আড়তদারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার দুপুরে বড়বাজারের মাছের আড়তে অভিযান চালিয়ে ‘কর্ণফুলী ফিস’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ভারতীয় ইলিশের নির্ধারিত মূল্য এবং ক্রয়-বিক্রয়সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।
অভিযানকালে বড়বাজারের বিভিন্ন পাইকারি ও খুচরা মাছের দোকান মনিটরিং করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে ভারতীয় ইলিশ বিক্রি এবং আমদানি-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে দেশের বাজারে ইলিশের ঘাটতি মেটাতে ভারত থেকে ইলিশ আমদানি করা হচ্ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে ১৯টি আমদানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি হয়েছে।
স্থানীয় বাজারে অভিযোগ রয়েছে, আমদানি করা এসব ইলিশের কিছু অংশ ‘বরিশালের ইলিশ’ বা দেশীয় ইলিশ হিসেবে বিক্রি করা হচ্ছে। এতে প্রকৃত উৎস না জেনে ক্রেতাদের কাছ থেকে তুলনামূলক বেশি দাম নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে বাজার মনিটরিং আরও জোরদারের দাবি জানিয়েছেন ক্রেতারা।

