ন্যাশনাল ডেস্ক:
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সব অংশীজনের সঙ্গে আলোচনা করে সাইবার সুরক্ষা আইন সংশোধন করা হবে। মানুষের প্রত্যাশা ও প্রয়োজন বিবেচনায় নিয়েই নতুন আইন প্রণয়ন করা হবে।
বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘ইউএস কনস্টিটিউশন ডে’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, মানুষ যে ধরনের আইন চায়, সরকার সে ধরনের আইনই প্রণয়ন করবে। সাইবার সুরক্ষা আইনের সংশোধনের ক্ষেত্রেও সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নেওয়া হবে।
তিনি বলেন, অনলাইনে সাংবাদিকতার নামে কেউ যেন অপতথ্য ছড়াতে না পারে, বিষয়টিও নতুন সাইবার সুরক্ষা আইনে বিবেচনায় রাখা হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বেনামি গণমাধ্যমের নামে ফটোকার্ড প্রকাশ করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
আইনমন্ত্রী আরও বলেন, প্রযুক্তির বিকাশের সঙ্গে সাইবার জগতের নানা ধরনের অপরাধও বাড়ছে। তাই নাগরিকের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সাইবার অপরাধ প্রতিরোধে কার্যকর আইন প্রয়োজন।

