ন্যাশনাল ডেস্ক
যান্ত্রিক ত্রুটি মেরামতের পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি ফ্লাইট বিজি-৩৭৭ জাপান থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। উড়োজাহাজের ত্রুটির কারণে প্রায় চার ঘণ্টা বিলম্বের পর বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে ফ্লাইটটি উড্ডয়ন করে। বাংলাদেশ সময় তখন রাত পৌনে ৮টা।
এর আগে উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় প্রধানমন্ত্রীর দেশে ফেরার যাত্রা বিলম্বিত হয়। উড়োজাহাজের স্পয়লারে ত্রুটিসংক্রান্ত সংকেত পাওয়ার পর পাইলট উড্ডয়ন স্থগিত করেন। পরে উড়োজাহাজটি পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়। সেখানে প্রকৌশলীরা কারিগরি পরীক্ষা ও মেরামতের কাজ শুরু করেন।
মেরামতের কাজে দীর্ঘ সময় লাগায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা উড়োজাহাজ থেকে নেমে যান। অন্য যাত্রীদেরও অপেক্ষার জন্য বিমানবন্দরের লাউঞ্জে নেওয়া হয়।
বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ফ্লাইটটির উড্ডয়নের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে পাইলট যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইট ছাড়তে বিলম্ব হওয়ার কথা জানান। এ জন্য যাত্রীদের কাছে দুঃখপ্রকাশও করেন তিনি।
উল্লেখ্য, চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন।
এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
জাপান সফরকালে দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। সফর শেষে যান্ত্রিক ত্রুটির কারণে সৃষ্ট বিলম্ব কাটিয়ে তিনি এখন ঢাকার পথে রওনা হয়েছেন।

