মেহেরপুর প্রতিনিধি:
দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকা অবস্থায় ভারতে যাওয়ার সময় মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ খালেককে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয়। পরে দুপুর ১টার দিকে তাকে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই আতিক বিষয়টি নিশ্চিত করেছেন।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, ভারতে যাওয়ার উদ্দেশ্যে এম এ খালেক দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টে পৌঁছালে তার পাসপোর্ট ও ভিসা যাচাই করা হয়। এ সময় তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞার তথ্য পাওয়া যায়। পরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। এ সময় তার ছেলে আসিফ রেজা সঙ্গে ছিলেন।
মেহেরপুর জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে, এম এ খালেককে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে দর্শনা থেকে মেহেরপুরে নেওয়ার প্রক্রিয়া চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
এর আগে, ২০২৪ সালের অক্টোবরে র্যাব এম এ খালেককে গ্রেপ্তার করেছিল। পরে তিনি জামিনে মুক্তি পান। ২০২৫ সালের এপ্রিলেও নাশকতার অভিযোগে গাংনী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। ওই মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর এবার দেশত্যাগের সময় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হলেন তিনি।

