রাজনীতি ডেস্ক:
জুলাই সনদ বাস্তবায়ন, তিস্তা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন ও চাঁদাবাজি বন্ধসহ আট দফা দাবি বাস্তবায়নে দেশের কোটি কোটি মানুষ প্রস্তুত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচির সর্বশেষ প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, লংমার্চ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে সড়কের দুই পাশে দেশের কোটি মানুষ দাঁড়িয়ে থাকবে। লংমার্চ সফল করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘এই লংমার্চকে কেন্দ্র করে কোনো ধরনের উসকানিতে নেতা-কর্মীরা যেন পা না দেন।’ প্রথম লংমার্চের তুলনায় দ্বিতীয় লংমার্চে দেশের মানুষের অংশগ্রহণ কয়েক গুণ বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।
লংমার্চের কারণে সাধারণ মানুষের কিছুটা দুর্ভোগ হতে পারে উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন জামায়াতের এই নেতা। একই সঙ্গে কর্মসূচি সফল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

