খুলনা প্রতিনিধি:
খুলনা নগরীতে চুরির অপবাদ দিয়ে আজমল ওরফে আযম (২৩) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে নগরীর হরিণটানা থানার ইসলামনগর মসজিদ গলিতে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কয়েকজন যুবক চুরির অপবাদ দিয়ে আজমলকে মারধর করেন। একপর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাত দেড়টার দিকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আজমল চুয়াডাঙ্গা জেলা সদরের কুতুবের ছেলে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের বিপরীত পাশের একটি গলিতে আকিবের বাড়ির পঞ্চম তলার একটি মেসে ভাড়াটিয়া হিসেবে থাকতেন বলে জানা গেছে। তবে পুলিশ জানিয়েছে, তিনি নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
হাসপাতাল সূত্র জানায়, আজমলকে হাসপাতালে নেওয়ার সময় কয়েকজন ব্যক্তি নিজেদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেন। তাঁদের ভাষ্য ছিল, চুরি করে পালানোর সময় লাফ দিয়ে পড়ে আজমল গুরুতর আহত হন। তবে হাসপাতাল সূত্রের দাবি, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। মাথার চুল কেটে দেওয়ারও নমুনা পাওয়া গেছে। তার মৃত্যুর খবর জানার পর হাসপাতালে নিয়ে আসা ব্যক্তিরা দ্রুত সেখান থেকে চলে যান।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, গভীর রাতে কয়েকজন যুবক চুরির অপবাদ দিয়ে আজমলকে মারধর করেন। পরে রাত আড়াইটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা নিয়ে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যাচ্ছে।
ওসি আরও বলেন, ঘটনার বিষয়ে তদন্ত করতে ঘটনাস্থলে পুলিশের একটি দল কাজ করছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও কারা তাকে মারধর করেছে, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

