রাজনীতি ডেস্ক:
আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় ফ্যান্টাসি কিংডমের কাছে প্রীতি কম্পোজিট টেক্সটাইল লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজন নিহত ও অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের সময় কারখানাটিতে প্রায় ৬০০ শ্রমিক কর্মরত ছিলেন বলে জানা গেছে। আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়েছে জাতীয় শ্রমিক শক্তি।
প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
এক যৌথ বিবৃতিতে জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির ও সদস্য সচিব ঋআজ মোর্শেদ বলেন, শিল্পকারখানায় শ্রমিকদের জীবন ও নিরাপত্তার সঙ্গে কোনো ধরনের আপসের সুযোগ নেই। বিশেষ করে বয়লার, বৈদ্যুতিক ব্যবস্থা, অগ্নিনিরাপত্তা এবং জরুরি নির্গমন ব্যবস্থার যথাযথ রক্ষণাবেক্ষণ ও নিয়মিত পরিদর্শন নিশ্চিত করা জরুরি।
বিবৃতিতে তারা অগ্নিকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, কারখানার নিরাপত্তাব্যবস্থায় কোনো ধরনের অবহেলা বা ত্রুটি ছিল কি না তা চিহ্নিত করা এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
জাতীয় শ্রমিক শক্তির নেতারা অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের আত্মার শান্তি কামনা করেন। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহত শ্রমিকদের দ্রুত সুস্থতা কামনা করেন।

