রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
রাজনীতি

জ্বালানি সংকট সমাধানে সংস্কারের বিকল্প নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

রাজনীতি ডেস্ক:

জ্বালানি সংকট মোকাবিলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপি সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, জ্বালানি সংকটের স্থায়ী সমাধানে সরকারকে সংস্কারের পথে যেতে হবে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এ কর্মসূচির আয়োজন করে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বাংলাদেশে যদি জ্বালানি সংকট মোকাবিলা করতে হয়, তাহলে একটাই সমাধান—সংস্কারের পথে যেতে হবে। সংস্কারের পথে গেলে অমিতের মতো কেউ বিদ্যুৎ বা জ্বালানি প্রতিমন্ত্রী হতে পারবেন না।’

বিশ্ববাজারে জ্বালানি সংকট রয়েছে স্বীকার করে তিনি বলেন, সেই সংকট মোকাবিলায় বিএনপি সরকারের সক্ষমতা নেই—এটি ইতিমধ্যে প্রমাণিত হয়েছে বলে তিনি মনে করেন। তাঁর ভাষ্য, এনসিপি এবং বিরোধীদলীয় জোটের পক্ষ থেকে সংকট সমাধানে সরকারকে বিভিন্ন প্রস্তাব দেওয়া হলেও সরকার তা গ্রহণ করেনি।

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ করতে গিয়ে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে বলেও দাবি করেন এনসিপির এই নেতা। তাঁর অভিযোগ, সরকারের সমালোচনা করলে গ্রেপ্তার হওয়ার আশঙ্কায় অনেক মানুষ প্রকাশ্যে কথা বলতে চাইছেন না।

সরকারের বিরুদ্ধে ‘সিন্ডিকেটের পৃষ্ঠপোষকতার’ অভিযোগ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ২০০১ থেকে ২০০৬ সালের বিএনপি সরকারকে যেভাবে দুর্নীতির অভিযোগে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করা হয়েছিল, বর্তমান সরকারও সিন্ডিকেটের পৃষ্ঠপোষক হিসেবে নিজেদের উপস্থাপন করছে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, ‘আমরা আট দফা দাবিতে লং মার্চ করেছিলাম। আমরা বলেছি, এই ব্যর্থ সরকারের সামনে একটাই পথ আছে—এক দফা দাবি। সরকার যদি মনে করে ১১ দলীয় জোট তাদের কী করবে, তাহলে ভুল করবে। জনগণই তাদের রাস্তায় ধাওয়া দেবে। কারণ জনগণের পেটে তারা লাথি দিয়েছে।’

২০২৪ সালের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বাংলাদেশের জনগণের সামনে শেখ হাসিনাও দাঁড়াতে পারেননি। জনগণের সামনে নতুন সিন্ডিকেটের পৃষ্ঠপোষক তারেক রহমানও দাঁড়াতে পারবেন না।’

জ্বালানি তেলের দাম বাড়ানোর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সরকারের পক্ষ থেকে দাম বাড়ানোর পেছনে বিভিন্ন সময়ে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, তা নিয়েও সমালোচনা করেন এনসিপির এই নেতা। ফ্যামিলি কার্ডের অর্থের সংস্থান করতে বিদ্যুৎ, গ্যাস ও তেলের দাম বাড়ানো হয়েছে—সরকারের পক্ষ থেকে এমন বক্তব্যেরও সমালোচনা করেন তিনি।

তারেক রহমানকে শেখ হাসিনার ‘রিপ্লেসমেন্ট’ হিসেবে উল্লেখ করে নাসীরুদ্দীন বলেন, তাঁরা রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তনের কথা বলেছিলেন। কিন্তু বিএনপি শেখ হাসিনার পরিবর্তে তারেক রহমানকে বসানোর মাধ্যমে একই ব্যবস্থাকে টিকিয়ে রাখছে বলে তিনি অভিযোগ করেন।

সংস্কারের পথে না যাওয়ায় সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘যেহেতু তারা সংস্কারের পথে যাচ্ছে না, সেহেতু এই সরকারের বৈধতা নেই। বৈধতা নেই বলেই সরকার জনগণের গলায় ছুরি বসিয়েছে।’

সরকারের ব্যর্থতা ও অব্যবস্থাপনার বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরতেই এনসিপি রাজপথে নেমেছে বলে জানান তিনি। তাঁর দাবি, উবার ও পাঠাওচালক, পরিবহন খাতের মানুষসহ জ্বালানি তেলের দাম বাড়ায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতিনিধিত্ব করতেই তাঁরা আন্দোলনে অংশ নিয়েছেন।

রাত আটটার দিকে বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে নাসীরুদ্দীন পাটওয়ারী ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক ঋআজ মোর্শেদসহ এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি পরীবাগে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581