খুলনা ব্যুরো:
খুলনা নগরীতে প্রকাশ্যে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় মিজানুর রহমান (সুমন) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে লবণচরা থানাধীন চুমকি সড়কে এ ঘটনা ঘটে। আহত মিজানুর রহমান ওরফে সুমন নগরীর জিন্নাহপাড়া এলাকার আমিন সড়কের বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সুমন চুমকি সড়কে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই যুবক তার ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
হামলার পর আশপাশের লোকজন দ্রুত আহত সুমনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার চিকিৎসা চলছে।
ঘটনার খবর পেয়ে লবণচরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, একজন যুবককে কুপিয়ে আহত করার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।

