মধুমতি নিউজ ডেস্ক:
খুলনায় পৃথক অভিযানে চারটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসব ঘটনায় যশোরের রিফাত তালুকদার নামে এক যুবককে আটক করা হয়েছে। পাশাপাশি জোড়া হত্যা মামলার আসামি আওয়ালের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন গোবরচাকা শাহিনুর জামে মসজিদ রোডের খালাসীবাড়ি মোড় এলাকায় অভিযান চালিয়ে রিফাত তালুকদারকে আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, যশোর থেকে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী খুলনার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশের বাড়িতে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। খুলনা মহানগর ডিবি পুলিশের উপ-পুলিশ কমিশনার রিপন চন্দ্র সরকারের নেতৃত্বে একটি দল চিংড়ি পলাশের ২২ নম্বর বাড়িতে অভিযান চালায়।
অভিযানে যশোরের কোতোয়ালি থানার রিফাত তালুকদারকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একই ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তিনটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটক রিফাত তালুকদার যশোরের শংকরপুর বাস টার্মিনাল এলাকার ইদ্রিস তালুকদারের ছেলে। তাঁর বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন খুলনা মহানগর পুলিশের (ডিবি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া।
জোড়া হত্যা মামলার আসামির তথ্যেও অস্ত্র উদ্ধার
এদিকে নগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকায় জোড়া হত্যা মামলার আসামি আওয়ালের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সম্প্রতি জোড়া হত্যা মামলায় আওয়ালকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁর কাছে অস্ত্র থাকার তথ্য পাওয়া যায়।
ওই তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে নগরীর হরিণটানা এলাকার আল আকসা জামে মসজিদ গলিতে অভিযান চালানো হয়। আবদুল জালাল হাওলাদারের বাড়ির একটি পরিত্যক্ত রান্নাঘরে তল্লাশি চালিয়ে তুষের বস্তার পাশ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
কেএমপির সহকারী পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, আওয়ালের দেখানো স্থান থেকেই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

