বিশেষ প্রতিনিধি:
আসন্ন খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনকে সামনে রেখে কাউন্সিলর পদে মাঠ গোছাতে শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে নগরীর তিনটি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন তিন আইনজীবী।
দলীয় সূত্রে জানা গেছে, ১৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন অ্যাডভোকেট এস এম মাসুদুর রহমান। তিনি বর্তমানে জামায়াতের একজন অগ্রসর কর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এলাকায় বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন।
১৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট মনিরুল ইসলাম পান্না। তিনি সোনাডাঙ্গা থানা জামায়াতের সাবেক সেক্রেটারি এবং বর্তমানে দলের আইনজীবী (ল) ইউনিটের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, ২৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রস্তুতি নিচ্ছেন অ্যাডভোকেট সফিকুল ইসলাম লিটন। তিনি খুলনা মহানগর জামায়াতের কর্মপরিষদের সদস্য।
সংশ্লিষ্টরা জানান, নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ ওয়ার্ডে গণসংযোগ, মতবিনিময় ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়িয়েছেন। তবে প্রার্থিতা বিষয়ে দলীয় চূড়ান্ত সিদ্ধান্ত ও নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

