স্টাফ রিপোর্টার:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খুলনা জেলা আহ্বায়ক কমিটিতে নিজের মতামত না নিয়ে যুগ্ম আহ্বায়ক পদ দেওয়ার প্রতিবাদে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মোল্যা শওকত হোসেন বাবুল।
কমিটি ঘোষণার পর ই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট দিয়ে তিনি বলেন, তার মতামত না নিয়ে তাকে খুলনা জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে, যা তার কাছে অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও স্বেচ্ছাচারী সিদ্ধান্ত বলে মনে হয়েছে। দায়িত্বশীল একজন মানুষের কাছ থেকে এ ধরনের আচরণ কোনো অবস্থাতেই প্রত্যাশিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
শওকত হোসেন বাবুল বলেন, উল্লেখিত পদের প্রতি তার কোনো ধরনের মোহ ছিল না এবং এখনও নেই। তাই সব ধরনের বিভ্রান্তি এড়াতে তিনি যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনতিবিলম্বে ওই পদ থেকে তার নাম প্রত্যাহারের আহ্বান জানান তিনি।
বিবৃতিতে তিনি আরও বলেন, তার সঙ্গে করা এ ধরনের আচরণকে তিনি ‘মধ্যযুগীয় দাস প্রথার সঙ্গে সংগতিপূর্ণ’ বলে মনে করেন। এ ঘটনাকে তিনি অনাকাঙ্ক্ষিত, স্বেচ্ছাচারী ও ‘কাণ্ডজ্ঞানহীন’ আচরণ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি জানান, বিষয়টি নিয়ে সৃষ্ট সব ধরনের জল্পনা-কল্পনার অবসান ঘটাতে অনতিবিলম্বে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত বিষয় জনগণের সামনে তুলে ধরবেন এবং এ বিষয়ে তার অবস্থান পরিষ্কার করবেন।

