রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার গৌরম্ভা ও ফয়লা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার মিলন তরফদার (৫২), পিতা: পরিমল তরফদার এবং মহাসিন গাজী (২৯), পিতা: দেওয়ান গাজী।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা বন্ধে গোপন সংবাদের ভিত্তিতে সকালে গৌরম্ভা ও ফয়লা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্যসহ মিলন তরফদার ও মহাসিন গাজীকে হাতেনাতে আটক করেন অভিযান পরিচালনাকারীরা।
পরবর্তীতে আটককৃতদের রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তীর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তোলা হয়। শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় অপরাধ স্বীকার করায় আদালত মিলন তরফদারকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড এবং মহাসিন গাজীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
আদালতের রায় ঘোষণার পর সাজাপ্রাপ্তদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
রামপাল উপজেলা প্রশাসন জানায়, এলাকায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, অবৈধ বেচাকেনা বন্ধ এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এ ধরনের জিরো টলারেন্স অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

