ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর কোতোয়ালি থানা থেকে লুট হওয়া শটগানের তাজা কার্তুজ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ (এসআরবি)। উদ্ধার হওয়া এসব গোলাবারুদ ২০২৪ সালের ৫ আগস্ট ফরিদপুর কোতোয়ালি থানা থেকে লুট করা হয়েছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার ভোর পৌনে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের আখ সেন্টারের পাশের একটি পুরোনো আধাপাকা ভবনে অভিযান চালিয়ে এসব গোলাবারুদ উদ্ধার করা হয়।
এসআরবি ফরিদপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, অভিযানে ২৭ রাউন্ড শটগানের তাজা কার্তুজ, ১৩টি টিয়ারশেল ও সাতটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
তপন সরকার বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানায় হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনা ঘটে। লুট হওয়া এসব অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কা ছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে কানাইপুরের ওই পুরোনো আধাপাকা ভবনে অভিযান চালানো হয়। সেখানে পরিত্যক্ত অবস্থায় এসব গোলাবারুদ পাওয়া যায়।
উদ্ধার করা গোলাবারুদগুলো কীভাবে ওই স্থানে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

