খুলনা প্রতিনিধি
বাংলাদেশ কোনো মাফিয়া, ষড়যন্ত্রকারী কিংবা বিদেশি স্বার্থের পরীক্ষাগার নয় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্যবিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল।
তিনি বলেছেন, ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না। অরাজকতা সৃষ্টি করে জনগণের ম্যান্ডেটকে পরাজিত করা সম্ভব নয়। দেশের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার একমাত্র জনগণের।
শুক্রবার বিকেলে খুলনা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আয়োজিত মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে খুলনা নতুন রেলস্টেশনের সামনে থেকে জেলা যুবদলের উদ্যোগে একটি মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আজিজুল বারী হেলাল বলেন, কোনো ষড়যন্ত্র, অরাজকতা কিংবা অপচেষ্টার মাধ্যমে দেশের জনগণের ম্যান্ডেটকে পরাজিত করা যাবে না। কোনো মাফিয়া, ষড়যন্ত্রকারী কিংবা বিদেশি স্বার্থ বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে থামিয়ে দিতে পারবে না।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও অধিকারকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি জনগণের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে হবে।
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় যুবদলের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
খুলনা জেলা যুবদলের সভাপতি শেখ নাদিমুজ্জামান জনির সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু এবং খুলনা জেলা পরিষদের প্রশাসক ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।
এ ছাড়া নবগঠিত জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি জাবির আলী, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক গাজী শহীদুল ইসলামসহ জেলা বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

