খুলনা প্রতিনিধি:
সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর উদ্যোগের প্রতিবাদে খুলনায় মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মহানগর শাখা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নগরীর শিববাড়ি মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগর শাখার সভাপতি রাকিব হাসান। কর্মসূচি সঞ্চালনা করেন মহানগর শাখার সেক্রেটারি ইসরাফিল হোসেন।
মানববন্ধনে বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক মহানগর সভাপতি ও দৌলতপুর থানা জামায়াতের আমির মুশাররফ আনসারী এবং সাবেক মহানগর সভাপতি ও সোনাডাঙ্গা থানা জামায়াতের সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম।
বক্তারা বলেন, সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষার গুরুত্ব কমিয়ে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানো হলে নিয়োগে স্বচ্ছতা ও মেধার মূল্যায়ন প্রশ্নবিদ্ধ হতে পারে। তাঁদের দাবি, এমন ব্যবস্থা দলীয়করণ, স্বজনপ্রীতি এবং ঘুষ-দুর্নীতির সুযোগ তৈরি করতে পারে। তাই নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষার যথাযথ গুরুত্ব বজায় রেখে স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান তারা।
মানববন্ধনে ছাত্রশিবিরের মহানগর, বিভিন্ন ক্যাম্পাস ও থানার নেতাকর্মী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
এ সময় মহানগর শাখার দপ্তর সম্পাদক আহমেদ সালেহীন, বায়তুলমাল সম্পাদক কামরুল হাসান, প্রচার ও এইচআরডি সম্পাদক এস এম বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক আব্দুর রশিদ, প্রকাশনা ও বিজ্ঞান সম্পাদক ফারহান তূর্য, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক ইমরানুল হক, তথ্য সম্পাদক সেলিম বিন আব্দুস সালাম, স্কুল ও বিতর্ক সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, কলেজ ও ছাত্র অধিকার সম্পাদক হযরত আলী, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক হাফেজ মহিব্বুল্লাহ, ফাউন্ডেশন সম্পাদক হাবিবুল্লাহ রাজু, মাদরাসা কার্যক্রম সম্পাদক হাফেজ নাঈম হোসাইন, গবেষণা সম্পাদক হামজা, মিডিয়া ও আইটি সম্পাদক মোস্তফা কামাল, পাঠাগার ও সমাজসেবা সম্পাদক শিবলুর রহমান এবং ক্রীড়া সম্পাদক এহসানুল মাহবুব সাকিবসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

