স্টাফ রিপোর্টার:
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে নগরজুড়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে নগরীর ২৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন বিএনপিপন্থী আইনজীবী এম শাফিউল আলম তুতি।
দলীয় সূত্রে জানা যায়, এম শাফিউল আলম তুতি খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি। বর্তমানে তিনি খুলনা মহানগর বিএনপির ২৫ নম্বর ওয়ার্ডের সদস্য এবং সোনাডাঙ্গা থানা বিএনপির সদস্য হিসেবে রয়েছেন।
এ ছাড়া তিনি খুলনা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য। বিগত সরকারের সময়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলায় আইনি সহায়তা দেওয়ার জন্য নিয়োজিত খুলনা মহানগর আইন সহায়তা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন বলে তাঁর পরিচিতিতে উল্লেখ রয়েছে।
আইন পেশায়ও তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। ২০১২ সালে তিনি খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচিত কার্যনির্বাহী সদস্য ছিলেন।
সম্ভাব্য প্রার্থিতা প্রসঙ্গে এম শাফিউল আলম তুতি বলেন, “২৫ নম্বর ওয়ার্ডের মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে আমার যোগাযোগ রয়েছে। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সমন্বয় করে কাজ করে আসছি। দল যদি আমাকে সুযোগ দেয় এবং নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হয়, তাহলে ওয়ার্ডবাসীর কল্যাণে কাজ করার চেষ্টা করব।”
কেসিসির ২৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে তাঁর সম্ভাব্য প্রার্থিতা নিয়ে স্থানীয় বিএনপি ও পেশাজীবী মহলে আলোচনা চলছে। তবে নির্বাচনের তফসিল ঘোষণা এবং মনোনয়ন প্রক্রিয়া শুরু না হওয়া পর্যন্ত তাঁর প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত নয়।

