খুলনা প্রতিনিধি:
লায়ন্স ইন্টারন্যাশনালের ‘ওয়ার্ল্ড লায়ন্স সার্ভিস ডে ও অক্টোবর সার্ভিস প্রোগ্রাম-২০২৬’ উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র্যালি, স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ ও মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় খুলনা প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালির উদ্বোধন করেন। খুলনা সুন্দরবন লায়ন্স ক্লাব, খুলনা মেট্রোপলিটন লায়ন্স ক্লাব, পয়গ্রাম কসবা লায়ন্স ক্লাব ও খুলনা ম্যানগ্রোভ লায়ন্স ক্লাব যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
র্যালিতে লায়ন্স ইন্টারন্যাশনালের বিভিন্ন পর্যায়ের নেতা, সদস্য ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন। র্যালি শেষে ‘টুগেদার উই রাইজ, টুগেদার উই থ্রাইভ’ প্রতিপাদ্যকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ ও মশক নিধন কর্মসূচি পরিচালনা করা হয়।
র্যালির উদ্বোধনকালে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, লায়ন্স ক্লাব দীর্ঘদিন ধরে মানবসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে, যা প্রশংসনীয়। রক্তদান, বৃক্ষরোপণ ও জনস্বাস্থ্য সুরক্ষার মতো কর্মসূচির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। ভবিষ্যতেও লায়ন্স ক্লাবের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন কেসিসির ২২ নম্বর ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা খান হাবিবুর রহমান, খুলনা মেট্রোপলিটন লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন ডা. তরিকুল ইসলাম, খুলনা ম্যানগ্রোভ লায়ন্স ক্লাবের চার্টার্ড প্রেসিডেন্ট ও গবেষক মীর মো. কবির হোসেন, খুলনা পয়গ্রাম কসবা লায়ন্স ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লায়ন সঞ্চিতা দে, খুলনা সুন্দরবন লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন মোসাম্মাৎ আনোয়ারা পারভিন, চার্টার্ড সেক্রেটারি ও রিজিয়ন চেয়ারপারসন (হেডকোয়ার্টার) লায়ন দিলারা নাসরিন, খুলনা মেট্রোপলিটন লায়ন্স ক্লাবের চার্টার্ড প্রেসিডেন্ট ও ডিস্ট্রিক্ট রিজিয়ন চেয়ারপারসন (ক্লাব) লায়ন শামীমা সুলতানা শীলু, ডিস্ট্রিক্ট গভর্নরের অ্যাডভাইজার লায়ন এম এ আউয়াল রাজ, খুলনা ম্যানগ্রোভ লায়ন্স ক্লাবের ট্রেজারার মদিনা মনোয়ারা, মিসেস নুরুন্নাহার ও সাংগঠনিক সম্পাদক শাহিন হাওলাদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আয়োজকেরা জানান, লায়ন্স ইন্টারন্যাশনালের ‘উই সার্ভ’ মূলমন্ত্রকে ধারণ করে মানবসেবা, পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় খুলনার লায়ন্স ক্লাবগুলো সম্মিলিতভাবে কাজ করে যাবে। অক্টোবর সার্ভিস উপলক্ষে সপ্তাহব্যাপী আরও বিভিন্ন সেবামূলক কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে, একই কর্মসূচির অংশ হিসেবে বিকেলে নগরীর ইকবালনগরে লায়ন্স ক্লাব চত্বরে আরেকটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন। পরে র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লায়ন্স কার্যালয়ে গিয়ে শেষ হয়।

