খুলনা প্রতিনিধি
খুলনা মহানগরীতে ডেঙ্গু সংক্রমণ মোকাবিলায় পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। তিন মাসের বিশেষ কর্মসূচির দুই মাস ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি এক মাসের কার্যক্রম নির্ধারণ এবং চলমান চিকিৎসাসেবা পরিদর্শনে আজ নগরীর বিভিন্ন হাসপাতাল ও ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেছেন কেসিসি প্রশাসক।
পরিদর্শনকালে প্রশাসক জানান, বর্তমানে খুলনায় ডেঙ্গু সংক্রমণের হার প্রায় ৯০ শতাংশ কমেছে। তবে নগরীর কয়েকটি এলাকায়, বিশেষ করে খালিশপুরের দুটি ওয়ার্ডে ডেঙ্গু পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। এসব এলাকায় সংক্রমণ নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রমের পরিধি আরও বাড়ানো হবে।
তিনি আশা প্রকাশ করেন, আগামী এক মাসের মধ্যে খুলনাকে ডেঙ্গুমুক্ত ঘোষণা করা সম্ভব হবে।
সকাল থেকে প্রশাসক ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা জেনারেল হাসপাতাল এবং নগরীর ১০ নম্বর ওয়ার্ডের লাল হাসপাতাল পরিদর্শন করেন। এ ছাড়া ২৫ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়ায় আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এবং ২৯ নম্বর ওয়ার্ড কার্যালয়ে স্থাপিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন তিনি। এ সময় ক্যাম্পগুলোতে আসা রোগীর সংখ্যা ও চিকিৎসাসেবার কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, খুলনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম গাজী, কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, সংশ্লিষ্ট মেডিকেল ক্যাম্পের চিকিৎসক, কেসিসির ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

