খুলনা প্রতিনিধি:
প্রতিবন্ধীদের ভিন্ন দৃষ্টিতে না দেখে সমাজের মূল স্রোতের অংশ হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ে প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র, স্পেশাল স্কুল ফর চিলড্রেন উইথ অটিজমসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
পরিদর্শনকালে সচিব সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এসব কার্যক্রম উপজেলা পর্যায়ে আরও বিস্তৃত করা গেলে প্রতিবন্ধীরা বেশি উপকৃত হবেন। প্রতিবন্ধীরাও সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের আলাদাভাবে না দেখে সমাজের মূল স্রোতের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে।
পরে তিনি জেলা সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন শাখা, ভ্রাম্যমাণ ফিজিওথেরাপি কার্যক্রম এবং প্রান্তিক শিল্প প্রদর্শনী ও বিপণন কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়, অতিরিক্ত পরিচালক রতন কুমার হালদার, উপপরিচালক খান মোতাহার হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. হোসেনুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনের পর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ খুলনার খালিশপুরে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত প্রতিবন্ধী শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান ‘বিএন আশার আলো স্কুল’ পরিদর্শন করেন।

