বাণিজ্য ডেস্ক:
প্রযুক্তিগত সক্ষমতা ও নিরাপত্তা বাড়াতে সিস্টেম উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেছে দেশের ৩০টি ব্যাংক। এ কারণে নির্দিষ্ট সময়ের জন্য এসব ব্যাংকের কার্ড, এটিএম, পিওএস, কিউআরসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে একযোগে এতগুলো ব্যাংকের সেবা বন্ধের সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংককে না জানিয়ে নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন গভর্নর মোস্তাকুর রহমান।
ব্যাংকগুলোর দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকগুলোর বিভিন্ন কার্ড ও লেনদেন সেবা বন্ধ থাকবে। ফলে এ সময়ে এসব ব্যাংকের গ্রাহকদের বিকল্প মাধ্যমে লেনদেন করতে হতে পারে।
মধুমতি ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ে সব ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ড, এটিএম, আইবিএফটি এবং কিউআর লেনদেন সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে ডেবিট কার্ডের কিছু লেনদেন স্বাভাবিক থাকবে। একই সঙ্গে অন্যান্য ব্যাংকের এটিএম ও পিওএস, বাংলা কিউআর এবং মানি অ্যাপের মাধ্যমে ট্যাপ, বিকাশ, নগদ ও উপায়ে ফান্ড ট্রান্সফার চালু থাকবে। কিউ-ক্যাশ নেটওয়ার্কের আওতাভুক্ত নয়—এমন ব্যাংকগুলোতে ফান্ড ট্রান্সফারও স্বাভাবিক থাকবে।
যেসব ব্যাংকের সেবা বন্ধ থাকবে
সিস্টেম মাইগ্রেশনের আওতায় থাকা ব্যাংকগুলো হলো—বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক, ব্যাংক এশিয়া, বেসিক ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ব্যাংক আলফালাহ বাংলাদেশ, কমিউনিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (বর্তমানে সম্মিলিত ব্যাংকের আওতায়), আইসিবি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, যমুনা ব্যাংক, জনতা ব্যাংক, মেঘনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক, রূপালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, সোনালী ব্যাংক, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, উত্তরা ব্যাংক এবং উরি ব্যাংক বাংলাদেশ।
নিরাপত্তা বাড়াতে নিয়মিত রক্ষণাবেক্ষণ
ব্যাংক খাতে ডিজিটাল লেনদেন দ্রুত বাড়ায় প্রযুক্তিগত অবকাঠামোর সক্ষমতা ও নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছে ব্যাংকগুলো। এ কারণে কোর ব্যাংকিং সিস্টেম, কার্ড নেটওয়ার্ক ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন ব্যাংকিং কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
ব্যাংকাররা বলছেন, সিস্টেম উন্নয়ন বা নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় সাময়িকভাবে কিছু সেবা বন্ধ রাখা নতুন কোনো বিষয় নয়। প্রযুক্তিগত অবকাঠামোর ধরন ও কাজের পরিধি অনুযায়ী কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত নির্দিষ্ট কিছু সেবা সীমিত থাকতে পারে। কাজ শেষ হলে নির্ধারিত সময়ের মধ্যেই সেবাগুলো স্বাভাবিকভাবে চালু করা হয়।
তবে এবার একসঙ্গে ৩০টি ব্যাংকের বিভিন্ন প্রযুক্তিনির্ভর সেবা বন্ধ থাকায় বিপুলসংখ্যক গ্রাহককে ভোগান্তিতে পড়তে হতে পারে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কাজ চলছে। এ কারণে আইটিসি তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের কিছু সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
তিনি বলেন, এ বিষয়ে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংককে অবহিত করেনি। নিজেদের পক্ষ থেকেই ব্যাংকগুলো একযোগে সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
গভর্নর বিষয়টি ভালোভাবে নেননি জানিয়ে আরিফ হোসেন খান বলেন, গুরুত্বপূর্ণ এ ধরনের সিদ্ধান্ত ব্যাংকগুলোর পক্ষ থেকে এককভাবে নেওয়াকে গভর্নর গর্হিত হিসেবে দেখছেন। এ ঘটনায় তিনি ক্ষুব্ধ হয়েছেন।

