স্টাফ রিপোর্টার:
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৩১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল খালেক ব্যাপারী। দীর্ঘদিন ধরে স্থানীয় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত থাকার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি এলাকায় পরিচিতি পেয়েছেন বলে স্থানীয়দের দাবি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জিন্নাহ পাড়া বাইতুল নাজাত জামে মসজিদের পানির মোটর দীর্ঘদিন নষ্ট থাকায় মুসল্লিদের পানি ব্যবহারে সমস্যা হচ্ছিল। আব্দুল খালেক ব্যাপারী সেখানে নতুন পানির মোটরের ব্যবস্থা করে দেন। এছাড়া আমতলা জামে মসজিদের প্রয়োজনের কথা জানতে পেরে একটি আইপিএসের ব্যবস্থা করেন তিনি।
সম্প্রতি জিন্নাহ পাড়ার নবম গলিতে অসুস্থ ও অসহায় এক ব্যক্তিকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দেন। লাকির কালভার্ট এলাকায় ভ্যান উল্টে আহত হয়ে পঙ্গুত্ববরণ করা এক ব্যক্তিকে এক মাসের খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা দেওয়ার কথাও জানা গেছে। এছাড়া আর্শণ রোডে ছাদ থেকে পড়ে আহত এক ব্যক্তির চিকিৎসা ও পরিবারের সহায়তায় নগদ অর্থ ও খাদ্যসামগ্রী প্রদান করেন তিনি।
ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডেও দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন আব্দুল খালেক ব্যাপারী। স্থানীয় একটি মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন সদস্য, প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন। বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য, বিভিন্ন প্রয়োজনে মানুষ তার কাছে গেলে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করেন তিনি। এসব কর্মকাণ্ডের ধারাবাহিকতায় আসন্ন কেসিসি নির্বাচনে ৩১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আব্দুল খালেক ব্যাপারী।
নির্বাচিত হলে ওয়ার্ডের প্রতিটি এলাকায় মুরব্বিদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
পাশাপাশি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ মোড়ে সিসি ক্যামেরার পাশাপাশি অভিযোগ জানানোর জন্য কমপ্লেইন বক্স স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা বলেছেন। কাউন্সিলর কার্যালয় থেকে নাগরিক সেবা দ্রুত ও সহজভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ারও প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

