খুলনা প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনায় নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে পূজা উদযাপন পরিষদসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।
বুধবার (৬ অক্টোবর) কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পূজা উদযাপন পরিষদ, মহানগর পূজা ফ্রন্ট এবং মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতারা দুর্গাপূজার নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, বিদ্যুৎ সরবরাহ, অগ্নিনিরাপত্তা ও সিসি ক্যামেরা ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন ও মতামত তুলে ধরেন। সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা এসব বিষয়ে তাদের প্রস্তুতি ও পরিকল্পনা তুলে ধরেন।
সভায় পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান বলেন, পূজাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খুলনা মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ সতর্ক ও সচেষ্ট থাকবে। প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পূজা উদযাপন কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে কেএমপি কন্ট্রোল রুম, জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানোর জন্য পূজা উদযাপন পরিষদের নেতাদের প্রতি অনুরোধ করেন পুলিশ কমিশনার।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) ও অতিরিক্ত দায়িত্বে প্রশাসন ও অর্থ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) (ভারপ্রাপ্ত) ও সদর দপ্তরের উপ-পুলিশ কমিশনার এম এম শাকিলুজ্জামান, যিনি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন; নৌ পুলিশের খুলনা অঞ্চলের পুলিশ সুপার ও এনএসআইয়ের সহকারী পরিচালক মুহাম্মদ মঞ্জুর মোর্শেদ।
এ ছাড়া এনএসআই ও ডিজিএফআইয়ের সহকারী পরিচালক, এসআরবি-৬-এর কোম্পানি কমান্ডার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিদ্যুৎ বিভাগ ও সিটি করপোরেশনের প্রতিনিধিসহ কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

