আন্তর্জাতিক ডেস্ক:
বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের ডাকা বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ফ্রান্সের বিভিন্ন শহর। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে শুরু হওয়া কর্মসূচিতে প্রায় ৯০ হাজার মানুষ অংশ নিয়েছেন বলে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম। তবে রাজধানী প্যারিসে নির্ধারিত মূল মার্চ তখনো শুরু হয়নি।
বিক্ষোভ চলাকালে বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে। বিশেষ করে লিঁও ও রেনে শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এদিকে, সাঁ-সাঁ-দেনির ব্লাঁ-মেনিল এলাকায় বিক্ষোভ চলাকালে সংঘর্ষের ঘটনায় দুই কিশোরী আহত হয়েছে বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম বিএফএমটিভি।
সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহ ধরে চলা বিক্ষোভে পাঁচ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে অন্তত ১৯০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এসব ঘটনায় ক্ষোভ আরও তীব্র হলে ছাত্র সংগঠনগুলো দেশজুড়ে সর্বাত্মক আন্দোলনের ডাক দেয়।
মঙ্গলবারের কর্মসূচিকে ঘিরে ফ্রান্সের বিভিন্ন শহরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

