শিক্ষা ডেস্ক:
চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ব্যবহারিক পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের নম্বর বোর্ডে পাঠানোর সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ আগস্ট রাত ১২টার মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেওয়া ও সংশ্লিষ্ট নম্বর বোর্ডে পাঠানোর কার্যক্রম শেষ করতে হবে।
শনিবার (৮ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির পক্ষ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা-২০২৬-এর কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সবাইকে নতুন সময়সীমা সম্পর্কে অবহিত করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর বোর্ডে পাঠানোর কাজ সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই নির্দেশনা এইচএসসি পরীক্ষা-২০২৬-এর সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, অধ্যক্ষ এবং প্রতিষ্ঠানপ্রধানদের কাছে পাঠানো হয়েছে।
এ ছাড়া বিজ্ঞপ্তির অনুলিপি রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছেও পাঠানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকেও বিষয়টি জানানো হয়েছে।
নতুন সময়সীমা অনুযায়ী, ২২ আগস্ট রাত ১২টার পর ব্যবহারিক পরীক্ষা গ্রহণ কিংবা নম্বর পাঠানোর সুযোগ থাকবে না তাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যেই সব কার্যক্রম শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

