খুলনা প্রতিনিধি:
খুলনা মহানগরে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের হামলায় এক পুলিশ পরিদর্শক গুরুতর আহত হওয়ার পর রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ। বিশেষ অভিযানসহ অন্যান্য দায়িত্ব পালনের সময় রাতে কোনো পুলিশ সদস্য যাতে একা চলাচল না করেন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউনিটপ্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) রাতে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ সুপারের স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনাপত্রে বলা হয়েছে, চলমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটায় তাঁদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে বিশেষ অভিযানসহ অন্যান্য দায়িত্ব পালনের সময় রাতে কোনো সদস্য যেন একা চলাচল না করেন, তা নিশ্চিত করতে ইউনিটপ্রধানদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
আদেশের অনুলিপি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ, অপরাধ ও অপারেশন, ডিএসবি ও ট্রাফিক), সার্কেল সহকারী পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ট্রাফিক বিভাগ, পুলিশ লাইন্স, রিজার্ভ অফিস, কোর্ট পুলিশ পরিদর্শকসহ সংশ্লিষ্ট সব দপ্তর ও থানায় পাঠানো হয়েছে।
খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে রূপসা থানায় বিশেষ অভিযান পরিচালনা শেষে ফেরার পথে এক পুলিশ পরিদর্শক ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। ঘটনার সময় তিনি সাদা পোশাকে ছিলেন। ওই ঘটনার পর জেলা পুলিশের সদস্যদের নিরাপত্তা বিবেচনায় রাতে একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে খুলনা মহানগরের খানজাহান আলী সড়কে খুলনা কলেজিয়েট স্কুলের সামনে হামলার শিকার হন পুলিশ পরিদর্শক শাহ আলম (৪৩)। ছিনতাইকারীদের ধারালো চাপাতির কোপে তিনি গুরুতর আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, পুলিশ লাইন্সে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনার পর পুলিশ সদস্যদের নিরাপত্তা জোরদারে রাতের বেলায় একা চলাচল না করার নির্দেশনা দেওয়া হয়।

