রাজনীতি ডেস্ক:
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের ষড়যন্ত্র বা নাশকতার চেষ্টা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। তিনি বলেছেন, দুর্গাপূজাকে ঘিরে কোনো ধরনের নাশকতা বা ষড়যন্ত্রের চেষ্টা করা হলে বিএনপির নেতাকর্মীরা তা প্রতিহত করবেন।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর নগর দুর্গামন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিপুণ রায় চৌধুরী বলেন, ডিসেম্বরে দেশে ফিরে আসার হুমকি দিয়ে কোনো লাভ হবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে গিয়ে এখন ফিরে আসার হুমকি দিচ্ছেন। তবে ইতিহাস বলে, পালিয়ে যাওয়া কোনো ফ্যাসিস্টের পক্ষে আর ফিরে আসা সম্ভব হয়নি। তাঁর দাবি, তারাও আর ফিরে আসতে পারবেন না।
দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে কেরানীগঞ্জে বিএনপির নেতাকর্মীরা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তিন শিফটে পূজামণ্ডপ পাহারা দেবেন বলে জানান তিনি। নিপুণ রায় বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্ভয়ে ও আনন্দের সঙ্গে ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন, সে জন্য বিএনপির নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবেন।
তিনি বলেন, ‘ধর্ম যার যার, দেশ সবার।’ সব ধর্মের মানুষের ধর্মীয় অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।
নিপুণ রায় আরও বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত নীতি—ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার—সামনে রেখেই বিএনপির নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবেন। দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে তাঁরা অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করবেন। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের সবাইকে নির্ভয়ে ও আনন্দের সঙ্গে দুর্গাপূজা উদ্যাপনের আহ্বান জানান।
পূজামণ্ডপপ্রতি ৬০০ কেজি চাল বরাদ্দ এবং পূজার ছুটি বাড়ানোর উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান নিপুণ রায়। তিনি বলেন, জেলার প্রতিটি নির্বাচনি এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের জন্য প্রধানমন্ত্রী শাড়ি উপহার পাঠিয়েছেন। এ ছাড়া দক্ষিণ কেরানীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সাড়ে আট হাজার শাড়ি বিতরণ করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে উপহার দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ আলম জমিদার, সদস্যসচিব সামিউল্লাহ, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা, ইউনিয়ন বিএনপির সদস্য রায়হান মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

