খুলনা প্রতিনিধি:
খুলনা নগরীতে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলা ও জনসচেতনতা বাড়াতে সুবিধাবঞ্চিত পরিবার ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ৪৩৬টি মশারি বিতরণ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
শনিবার সকালে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ১০ ও ১২ নম্বর ওয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে মশারি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
‘খুলনা শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম-১ ও ২’ প্রকল্পের আওতায় প্রান্তিক জনগোষ্ঠীর পরিবারগুলোকে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ থেকে সুরক্ষিত রাখতে এ উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, সুবিধাবঞ্চিত মানুষের সেবা এবং ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমের পরিপূরক হিসেবে কাজ করায় ওয়ার্ল্ড ভিশন প্রশংসার দাবিদার। মা সুস্থ থাকলে পুরো পরিবার সুস্থ থাকে। তাই পারিবারিক পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানো জরুরি।
তিনি পরিবারের সদস্যদের নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখা এবং শিশুদের ব্যক্তিগত পরিচ্ছন্নতার বিষয়ে যত্নবান হওয়ার আহ্বান জানান।
আয়োজকরা জানান, কর্মসূচির আওতায় কেসিসির ১০ নম্বর ওয়ার্ডের ২৯১টি এবং ১২ নম্বর ওয়ার্ডের ১৪৫টি সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে মশারি বিতরণ করা হয়। দুই ওয়ার্ডে মোট ৪৩৬টি পরিবারের কাছে এসব মশারি পৌঁছে দেওয়া হয়েছে।
মশারি বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেসিসি পরিচালিত নয়াবাটী হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ জাহিদুজ্জামান, ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, সাবেক কাউন্সিলর এইচ এম আবু সালেক, সমাজসেবক অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, প্রকল্পের এরিয়া ম্যানেজার সুরভী বিশ্বাস, সিনিয়র প্রোগ্রাম অফিসার বিকাশ বিশ্বাস এবং প্রোগ্রাম অফিসার এলিনা বৈদ্য ও রোজালিন মিতুসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।

