খুলনা প্রতিনিধি:
খুলনার উন্নয়নে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ছয় বিশিষ্ট ব্যক্তিকে ‘খুলনা পদক’-এর জন্য মনোনীত করেছে গণতান্ত্রিক অধিকার সুরক্ষা মঞ্চ, খুলনা। সংগঠনটির উদ্যোগে প্রথমবারের মতো এ সম্মাননা দেওয়া হচ্ছে। আগামী ১ জানুয়ারি পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গতকাল শনিবার দুপুর ১২টায় নগরীর একটি অভিজাত হোটেলে সংগঠনটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট খান মনিরুজ্জামান খান।
সভায় বক্তব্য দেন অধ্যাপক ফকির রেজাউদ্দিন রাজা, শেখ জাহিদুল ইসলাম, শেখ বাবর আলী, সরদার আবু তাহের, দাউদ ইসলাম, আবু হারুনার রশিদ, মোতাহার রহমান বাবু, জামাল মোড়ল, এম এম হাসান ও অ্যাডভোকেট আলমগীর হোসেন খান।
‘খুলনা পদক’-এর জন্য মনোনীত ছয় বিশিষ্ট ব্যক্তি হলেন—সাবেক যোগাযোগমন্ত্রী মরহুম খান-এ-সবুর, সাবেক কৃষিমন্ত্রী, ভাষাসৈনিক ও খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনের অন্যতম পুরোধা মরহুম অ্যাডভোকেট এ এইচ দেলদার আহমেদ, ভাষাসৈনিক ও সংবাদকর্মী মরহুম মনিরুল হুদা, খুলনা পৌর করপোরেশনের সাবেক মেয়র শেখ সিরাজুল ইসলাম, শিক্ষাবিদ অধ্যক্ষ মো. মাজহারুল হান্নান এবং জাতীয় ফুটবল দলের সাবেক কৃতী অধিনায়ক শেখ মো. আসলাম।
সভায় সংগঠনের সভাপতি অ্যাডভোকেট খান মনিরুজ্জামান খান ট্যাক্সেস লইয়ার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এদিকে, সভা শেষে মুসলিম লীগ ও গণতান্ত্রিক অধিকার সুরক্ষা মঞ্চের আরেকটি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা মুসলিম লীগের সভাপতি ফকির রেজাউদ্দিন রাজা। সভায় বক্তব্য দেন অ্যাডভোকেট আকতার জাহান রুকু, শেখ জাহিদুল ইসলাম, দাউদ ইসলাম ও শেখ বাবর আলী।
সভায় খুলনার সাবেক মেয়র শেখ সিরাজুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ৫ নভেম্বর সকাল ৯টায় নগরীর বয়রায় ইসলামিয়া কলেজে এবং ১৪ নভেম্বর বেলা ১১টায় পৃথক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া মাহফিল।

