খুলনা প্রতিনিধি:
দক্ষিণবঙ্গের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি ব্রজলাল (বিএল) কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জাতীয় সংসদে জোরালোভাবে তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। একই সঙ্গে শিক্ষাঙ্গনে হানাহানি, সংঘাত ও বিভেদ পরিহার করে মেধা ও আদর্শভিত্তিক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বিএল কলেজ অডিটোরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত তিন দিনব্যাপী ‘আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ (খুলনা বিভাগ)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক আয়োজনে এবং সরকারি ব্রজলাল কলেজের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
শিক্ষার্থীদের উদ্দেশে হুইপ রকিবুল ইসলাম বকুল বলেন, ‘এই ক্যাম্পাস হবে সবার। এখানে মেধা ও আদর্শের রাজনীতি থাকবে, ভিন্ন ভিন্ন মতাদর্শ থাকবে; কিন্তু কোনো হানাহানি, সংঘাত বা বিভেদের স্থান থাকবে না।’
তিনি বলেন, শিক্ষকদের কোনো ধরনের অবজ্ঞা বা অসম্মান বরদাস্ত করা হবে না। রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিক্ষকদের অমর্যাদা করার দিন শেষ। একজন প্রকৃত শিক্ষার্থীর নৈতিক দায়িত্ব হলো শিক্ষকদের সম্মান করা। রাস্তায় কোনো শিক্ষককে দেখলে সম্মান দেখিয়ে পথ ছেড়ে দেওয়ার মধ্যেও শিক্ষার্থীর মূল্যবোধ ও নৈতিকতার পরিচয় পাওয়া যায়।
শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষকদের মর্যাদা রক্ষায় শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত হওয়ার ওপর গুরুত্বারোপ করে হুইপ বলেন, ‘বর্তমান বিশ্ব একটি গ্লোবাল ভিলেজ। এই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে গতানুগতিক শিক্ষার পাশাপাশি প্রযুক্তি ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।’
বিএল কলেজে যুগোপযোগী বিভিন্ন বিষয়ে শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতি আহ্বান জানান তিনি। এর মধ্যে প্রফেশনাল এমবিএ, বিবিএ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), আইন, হিউম্যান রিসোর্স ও হসপিটালিটি ম্যানেজমেন্টের মতো বিষয় রয়েছে।
বিএল কলেজের হারানো ক্রীড়া ঐতিহ্য ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দিয়ে রকিবুল ইসলাম বকুল বলেন, এই কলেজের গৌরবোজ্জ্বল ক্রীড়া ঐতিহ্য রয়েছে। একসময় এ প্রতিষ্ঠান থেকে জাতীয় পর্যায়ের অনেক খেলোয়াড় তৈরি হয়েছেন। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে কলেজের ক্রীড়াঙ্গনে সেই সোনালি অতীত ফিরিয়ে আনা সম্ভব হবে।
তিনি শিক্ষার্থীদের যাতায়াতের পরিবহন সংকট নিরসনের পাশাপাশি হোস্টেল, শ্রেণিকক্ষ ও ল্যাবরেটরিসহ কলেজের অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে বিএল কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জাতীয় সংসদে জোরালোভাবে তুলে ধরার প্রতিশ্রুতি দেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিতি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এবং খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল।
তিন দিনব্যাপী ক্রীড়া উদ্যাপন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং খুলনা বিভাগের বিভিন্ন কলেজ থেকে আগত প্রতিযোগীরা অংশ নেন।

