খুলনা প্রতিনিধি
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলায় অবস্থিত তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনায় সার্ভার কক্ষে রাখা ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলার আইসিটি কক্ষে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
খুলনা ফায়ার সার্ভিসের উপপরিচালক মাসুদ রানা বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্ত ছাড়া নিশ্চিত করে বলা সম্ভব নয়।

