সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) হত্যা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী বলেছেন, আইনের দৃষ্টিতে তিনি অপরাধী হলেও এ ঘটনায় অনুতপ্ত নন। শামীমকে নাস্তিক বলে ধারণা করেছিলেন দাবি করে তিনি বলেন, তাঁকে হত্যার উদ্দেশ্য ছিল না; ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে।
রোববার (১৮ অক্টোবর) কালীগঞ্জ উপজেলা থেকে গ্রেপ্তারের পর পুলিশের কাছে হস্তান্তর করা আমিনীকে বিকেল ৪টার দিকে সাতক্ষীরার আদালতে পাঠানো হয়।
আদালতে নেওয়ার আগে আমিনী দাবি করেন, বিভিন্ন দেশ থেকে শামীমকে নাস্তিক আখ্যা দিয়ে হুমকি দেওয়া হয়েছিল। এসব কারণে তাঁর ধারণা হয়েছিল, শামীম নাস্তিক ছিলেন।
পিটিয়ে হত্যার উদ্দেশ্য ছিল কি না, এমন প্রশ্নের জবাবে আমিনী বলেন, তাঁকে হত্যার উদ্দেশ্য ছিল না, ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে। এ বিষয়ে আল্লাহই ফয়সালা করবেন বলেও মন্তব্য করেন তিনি।
আইনের দৃষ্টিতে নিজেকে অপরাধী মনে করেন কি না, জানতে চাইলে আমিনী বলেন, ‘আইনের দৃষ্টিতে আমি অপরাধী, তবে অনুতপ্ত নই।’
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন আমিনী। তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন বলেও জানিয়েছেন। এ কারণে পুলিশ তাঁকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন মনে করেনি। আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ তুলে দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীমকে দুই দফায় গণপিটুনি দেওয়া হয়। পরে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ফজলুল হক আমিনীর নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে।
শামীমের পরিবারের করা হত্যা মামলায় এ পর্যন্ত এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

