খুলনা প্রতিনিধি:
খুলনা মহানগরীর সদর থানাধীন চানমারি অ্যাপ্রোচ রোডের খ্রিস্টান পাড়া এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে বাথরুমের ভেতরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুর আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের ৪১ নম্বর চানমারি অ্যাপ্রোচ রোডের বাসিন্দা মৃত আব্দুল আজিজের ছেলে এস এম মুজাহিদুল আজিজের (৪৫) বাড়িতে হেলমেট পরিহিত পাঁচ থেকে ছয়জন অজ্ঞাত ব্যক্তি প্রবেশ করেন। বাড়ির গেট খুলে ভেতরে ঢুকে তাঁরা সরাসরি বসতঘরে যান। একপর্যায়ে বাথরুমের দরজা খুলে ভেতরে চার থেকে পাঁচ রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এ সময় বাড়িতে উপস্থিত লোকজন চিৎকার-চেঁচামেচি শুরু করলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যান। আকস্মিক এ ঘটনায় বাড়ির বাসিন্দা ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনার বিবরণ সংগ্রহ করেন। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

