স্টাফ রিপোর্টার:
খুলনায় আজ মঙ্গলবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে বিভাগীয় চিকিৎসক সম্মেলন ও বিজ্ঞান সেমিনার। ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরাম, খুলনা বিভাগের উদ্যোগে নগরীর সোনাডাঙ্গার আল-ফারুক সোসাইটিতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে আয়োজনের বিভিন্ন পর্ব।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরামের পৃষ্ঠপোষক মোহাম্মদ মাহফুজুর রহমান। প্রধান বক্তা হিসেবে থাকবেন একই ফোরামের পৃষ্ঠপোষক সাবেক শিবির সভাপতি ডা. ফখরুদ্দিন মালিক।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফোরামের উপদেষ্টা এস এম জাহাঙ্গীর আলম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ডা. মো. হাবিবুর রহমান এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডা. সুমফতি মাসুদুর রহমান ও ডা. কে এম মনোয়েজুল বাশার।সেমিনারের বিভিন্ন পর্বে হোমিওপ্যাথিক চিকিৎসার নানা বিষয় নিয়ে আলোচনা করবেন ডা. মো. হাবিবুর রহমান, ডা. কে এম মনোয়েজুল বাশার ও ডা. আহাদেল হোসেন ফারুকী।
এতে ট্রপিক্যাল ও মশাবাহিত রোগ, হোমিওপ্যাথিক চিকিৎসা ও ব্যবস্থাপনা এবং অর্গানন অব মেডিসিনের গুরুত্ব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি থাকবে। এরপর ডা. ইমান আলী ও ডা. কাজী আবদুল হান্নানের আলোচনায় সেমিনারের পরবর্তী কার্যক্রম চলবে।
সম্মেলনের সমাপনী অধিবেশন ও কমিটি পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেনা। অধিবেশনে সভাপতিত্ব করবেন বিভাগীয় চিকিৎসক সম্মেলন ও বিজ্ঞান সেমিনার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ ডা. মো. আবদুল বারিক।
আয়োজকরা জানান, এ সম্মেলনের মাধ্যমে হোমিওপ্যাথিক চিকিৎসকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, চিকিৎসাবিষয়ক জ্ঞান বিনিময় এবং পেশাগত দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি হবে।

