খুলনা ব্যুরো:
খুলনার মির্জাপুর এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে আলামিন হাওলাদার ওরফে ‘শ্যুটার বেলু’কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও তিন রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বড় মির্জাপুর এলাকার আমেনা মঞ্জিলে অভিযানটি চালানো হয়। পুলিশ জানায়, আলামিন হাওলাদার ওই এলাকায় কয়েকদিন ধরে অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার আলামিন খুলনার পূর্ব বানিয়াখামার এলাকার আকবর হাওলাদারের ছেলে। পুলিশের দাবি, তিনি খুলনার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘গ্রেনেড বাবু’র ‘বি কোম্পানি’র সদস্য।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, অভিযানের সময় আলামিনের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি টাকার বিনিময়ে বিভিন্ন স্থানে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা জানিয়েছেন বলে পুলিশ দাবি করেছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আলামিনের বিরুদ্ধে খুলনা থানায় দুটি এবং ঢাকার শাহবাগ থানায় একটি মামলার তথ্য পাওয়া গেছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের ঘটনায় তার বিরুদ্ধে নতুন করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর আলামিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং উদ্ধার করা অস্ত্র কোথা থেকে এসেছে, সে বিষয়েও তদন্ত চলছে।

