সাতক্ষীরা প্রতিনিধি
‘আমার মনে হয়, কিয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়াকর্মীরা’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন মন্তব্য করেছেন সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান। তাঁর এ মন্তব্যকে কেন্দ্র করে উপজেলার সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। প্রতিবাদ জানিয়েছেন জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।
বুধবার (২১ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ওই মন্তব্য করেন মিজানুর রহমান।
তালা প্রেস ক্লাবের সভাপতি সেলিম হায়দার এ মন্তব্যের নিন্দা জানিয়ে বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের দর্পণ হিসেবে কাজ করে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং অনিয়ম-দুর্নীতি তুলে ধরা সাংবাদিকদের অন্যতম প্রধান দায়িত্ব। মিডিয়াকর্মীদের নিয়ে এ ধরনের ঢালাও মন্তব্য অত্যন্ত নিন্দনীয়।
তিনি বলেন, একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত। সাংবাদিকদের নিয়ে এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তাকে অবিলম্বে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান সাংবাদিক নেতারা।
এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাতক্ষীরার সিভিল সার্জন মো. আবদুস সালাম। তিনি বলেন, ‘একজন দায়িত্বশীল চিকিৎসক বা কর্মকর্তা কখনো সাংবাদিকদের নিয়ে এমন মন্তব্য করতে পারেন না। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’
ঘটনাটি ঘিরে স্থানীয় সাংবাদিকদের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

