খুলনা প্রতিনিধি
আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের ঘোষিত ঢাকা-খুলনা-কুষ্টিয়া রুটের লংমার্চ সফল করতে এবং জুলুম ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গঠনে রাজপথের আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমির মোহাম্মদ মাহফুজুর রহমান।
লংমার্চের কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে দৌলতপুর থানার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড এবং যোগীপোল ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতা বা ব্যক্তিগত স্বার্থের জন্য রাজনীতি করে না। মহান আল্লাহর নির্দেশিত পথে দেশের মানুষের মুখে হাসি ফোটানো এবং অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক অধিকার নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
তিনি বলেন, ১১ দলীয় ঐক্যের এই লংমার্চ কোনো নির্দিষ্ট দলের জন্য নয়; বরং দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। কর্মসূচি সফল করতে খুলনার সর্বস্তরের মানুষকে দল-মতনির্বিশেষে এতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
জামায়াতের এই নেতা আরও বলেন, লংমার্চের মূল লক্ষ্য দেশে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং বৈষম্যহীন, শোষণমুক্ত ও স্বাবলম্বী বাংলাদেশ গঠন। তাঁরা এমন একটি সমাজব্যবস্থা দেখতে চান, যেখানে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন থাকবে, ধর্ম ও মতামতনির্বিশেষে প্রতিটি নাগরিক নিরাপদে বসবাস করতে পারবেন এবং তরুণেরা মেধার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ পাবেন।
দৌলতপুর থানা জামায়াতের আমির মুশাররফ হুসাইন আনসারীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মহিউদ্দিন আলমগীরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন থানা জামায়াতের সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন পারভেজ ও মাওলানা হাবিবুর রহমান, কর্মপরিষদ সদস্য ডা. সৈয়দ গোলাম কিবরিয়া, গোলাম মুসা তুহিন, আরিফুল ইসলাম, ফজলে রাব্বি ও মোল্লা হুমায়ুন কবিরসহ অন্যরা।
এদিকে, ৩১ অক্টোবরের লংমার্চ বাস্তবায়নের লক্ষ্যে দৌলতপুর থানার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের দায়িত্বশীলদের নিয়ে পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম।
দৌলতপুর থানা জামায়াতের আমির মুশাররফ হুসাইন আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে থানা কর্মপরিষদ সদস্য আব্দুল মান্নান, হাসানুজ্জামান ও রেজাউল কবির; ৬ নম্বর ওয়ার্ডের আমির আমিনুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডের আমির ইবাদত হোসেন এবং ৪ নম্বর ওয়ার্ডের আমির রেজাউল ইসলামসহ খোরশেদ আনোয়ার বিরাজ, এম রহমান ও আরাফাত হোসেন মিলন উপস্থিত ছিলেন।

