খুলনা প্রতিনিধি:
খুলনায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে সোনাডাঙ্গা, হরিণটানা ও খালিশপুর থানা পুলিশ এসব অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১টা ১৫ মিনিটে সোনাডাঙ্গা থানা পুলিশ ছোট বয়রা পূজাখোলা এলাকায় অভিযান চালিয়ে শরীফুল ইসলাম (২৫) নামে একজনকে গ্রেফতার করে। তিনি আনোয়ার হোসেনের ছেলে। তার বিরুদ্ধে জিআর মামলা নম্বর ১৯৬/২৫-এর গ্রেফতারি পরোয়ানা রয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।

এদিকে, রাত ১২টা ৪৫ মিনিটে হরিণটানা থানা পুলিশ বনলতা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে। তারা হলেন—জাফর শিকদার (৫৫), তার ছেলে রনি (২৪) ও মো. রানা (৩০) এবং জাফরের স্ত্রী মোসা. রেহেনা বেগম (৪৮)।
পুলিশ জানায়, বটিয়াঘাটা থানার সিআর মামলা নম্বর ১৫৪/২৬-এ ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৪(২), ৭(৩) ও ১০ ধারায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।

অন্যদিকে, রাত ৯টা ২০ মিনিটে খালিশপুর থানা পুলিশ নয়াবাটি দুর্বার সংঘ এলাকায় অভিযান চালিয়ে মো. সাজু (২৪) নামে একজনকে গ্রেফতার করে। তিনি জিন্নাত খানের ছেলে। ফুলতলা থানার এফআইআর নম্বর ২৩, তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৪ এবং জিআর নম্বর ৩৯-এর মামলায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১০৫ ধারায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

